আমাদের লক্ষ্য
ন্যায্য ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে
সম্পর্ক সমাজকল্যাণ সংস্থা একটি সাম্যভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে প্রান্তিক ও শ্রমজীবী মানুষের সঙ্গে কাজ করে।
আমরা বিশ্বাস করি, দারিদ্র্য ও বৈষম্যের শিকড় কেবল অর্থনৈতিক সংকটের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শোষণ, মৌলিক অদিকারের অসম সুযোগ, ভূমি থেকে উচ্ছেদ, অনিশ্চিত কর্মসংস্থান, দুর্নীতি এবং সমাজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মানুষের অর্থবহ অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার সঙ্গেও গভীরভাবে জড়িত।
আমরা সামাজিক সহযোগিতা, মানবাধিকার, সাম্য ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে গণমুখী উদ্যোগ গড়ে তুলতে কাজ করি। অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে শক্তিশালী করা এবং সম্মিলিত উদ্যোগের ক্ষেত্র তৈরি করার মাধ্যমে আমরা জনগণকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিতভাবে দাঁড়াতে এবং নিজেদের ন্যায্য অধিকার ও সুযোগ প্রতিষ্ঠায় সহায়তা করি।
আমাদের স্বপ্ন এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে শ্রেণি, ধর্ম, জাতিসত্তা বা সামাজিক পরিচয় নির্বিশেষে প্রতিটি মানুষ মর্যাদা, সাম্য ও স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবে এবং পারস্পরিক সংহতি ও সহযোগিতার বন্ধনে আবদ্ধ থাকবে।